অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ এ ১০:২২ PM
কন্টেন্ট: পাতা
ইতিহাস:
দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতে অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিবীক্ষণ কার্যক্রম নিবিড়তর করার লক্ষ্যে জানুয়ারি, ২০১০-এ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যাংকিং অনুবিভাগকে বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে "ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ” প্রতিষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Allocation of Business অনুযায়ী এ বিভাগ কর্তৃক বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২, বিশেষায়িত ব্যাংক সংক্রান্ত আদেশাবলী, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ সংক্রান্ত বিষয়ের প্রয়োগ ও ব্যাখ্যা, বীমা ও এ সংক্রান্ত আইন, কো-অপারেটিভ ব্যাংকিংসহ ব্যাংকিং সংক্রান্ত বিষয়াদি, পুঁজিবাজার ও ভবিষ্যৎ বাজার এবং মূলধন ইস্যু, ক্রেডিট রেট নীতিমালা ও সুদহার নীতিমালা সংক্রান্ত বিষয়াদির সমন্বয় কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। এ বিভাগের কার্যক্রম আরও সময়োপযোগী করা ও অর্পিত সকল কার্যাবলির পূর্ণ প্রতিফলন নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে দশম জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ ডিসেম্বর ২০১৪ তারিখে অনুষ্ঠিত সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম পরিবর্তনের সুপারিশ করা হয়। তৎপ্রেক্ষিতে ২০১৭ সালের এপ্রিল মাসে এ বিভাগের নাম পরিবর্তন করে 'আর্থিক প্রতিষ্ঠান বিভাগ' করা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আর্থিক খাতের ০৪ (চার) টি নিয়ন্ত্রক সংস্থা: বাংলাদেশ ব্যাংক (BB), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA)-এর সাথে সমন্বয়পূর্বক বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে।
প্রধান কার্যাবলি:
* ব্যাংক, বীমা, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আইন, বিধি, প্রবিধি, নীতি প্রণয়ন ও সংশোধন;
* আর্থিক প্রতিষ্ঠানের কার্যপদ্ধতি, কর্মপরিবেশ ও সেবার মানোন্নয়ন;
* প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণের মাধ্যমে আর্থিক বাজার ও প্রতিষ্ঠান উন্নয়ন;
* আর্থিক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসমূহের কাজের সমন্বয় সাধন;
* রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমের সামগ্রিক পরিবীক্ষণ ও মূল্যায়ন;
* পুঁজিবাজারে নতুন প্রোডাক্ট প্রচলনের মাধ্যমে বাজার সম্প্রসারণ ও উত্তম মৌলভিত্তিসম্পন্ন সিকিউরিটিজ সরবরাহ;
* বীমা দাবী নিস্পত্তির হার বৃদ্ধি এবং বীমা বিষয়ে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম পরিচালনা;
* ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন;